• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে ৬ আসামি হাজির


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:০৪ পিএম
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে ৬ আসামি হাজির

জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল আলোচিত রায় আজ ঘোষণা করা হবে। এ উপলক্ষে গ্রেপ্তার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তাদের কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

এদিনের রায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আসামিদের মধ্যে রয়েছেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ২৪ জুন দাখিল করা হয় এবং ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল। এরপর ৬ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

মামলায় মোট ২৫ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন, যার মধ্যে নিহতের বাবা মুকুল হোসেনও ছিলেন। সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের জানুয়ারিতে যুক্তিতর্ক পর্ব সম্পন্ন হয়।

এদিকে রায় ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


Side banner
Link copied!