হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ১৪০০ কেজি ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় একটি মিনি ট্রাকসহ চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত ফুসকার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আটকরা হলেন— সুনামগঞ্জের আবদুল্লাহ আল মামুন (৩০), সিলেটের জাহাঙ্গীর (৩৪), ভোলার মিনি ট্রাক চালক জুয়েল হক বেপারী (৩২) এবং তার সহকারী আল আমিন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অলিপুর চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা একটি সন্দেহজনক মিনি ট্রাক থামানোর সংকেত দেন। প্রাথমিকভাবে ট্রাকের উপরে খালি কার্টন দেখা গেলেও সন্দেহ হলে গভীরভাবে তল্লাশি চালানো হয়। এ সময় মুরগির খাদ্যের বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। মোট ৩৫ বস্তায় এসব পণ্য পাওয়া যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই চালানটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত পণ্য, মিনি ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :