• ঢাকা
  • শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

টাইব্রেকারে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:৪৫ এএম
টাইব্রেকারে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ইতিহাস গড়ে এবারই প্রথম কোনো ফাইনালে ভারতকে হারালো লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

ম্যাচের পুরো সময়জুড়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই, তবে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি হাসে বাংলাদেশ।

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল করেন মুর্শেদ আলি, চন্দন রায়, আব্দুল রিয়াদ ফাহিম ও রোনান সুলিভান। একমাত্র শটটি মিস করেন স্যামুয়েল রাকসাম। অন্যদিকে ভারতের একটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন, আর শেষ শটে ব্যর্থ হয় ভারত।

নির্ধারক মুহূর্তে রোনান সুলিভানের সফল শটেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়, আর উল্লাসে ফেটে পড়ে পুরো দল।

এই জয়ের মাধ্যমে বয়সভিত্তিক এই আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

সব মিলিয়ে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ মিলিয়ে সাত আসরের ইতিহাসে ভারত চারবার, নেপাল দুইবার এবং বাংলাদেশ এখন দুইবার শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করল।

এছাড়া এর আগে তিনবার ফাইনালে ভারতের কাছে হারের আক্ষেপ থাকলেও এবার সেই ইতিহাস বদলে দিয়ে নতুন এক মাইলফলক গড়লো বাংলাদেশের তরুণ ফুটবলাররা।


Side banner
Link copied!