বাংলাদেশ–পাকিস্তান সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে সালমান আলী আঘার বিতর্কিত রান আউট নিয়ে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। ঘটনাটি নিয়ে নানা মতামতের মধ্যে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছেন, এটি সম্পূর্ণ নিয়মের মধ্যেই হয়েছে।
ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লিটন দাস বলেন, এখানে কেউ দাতব্য কোনো লিগ খেলতে আসেনি, এটি একটি আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী যেভাবে আউট হয়েছে, সেখানে খেলোয়াড়সুলভ আচরণ নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন না।
তিনি আরও বলেন, প্রত্যেকে নিজের মতামত দিতে পারেন। তবে মাঠে থাকা খেলোয়াড়দের কাছে ঘটনাটি নিয়ম অনুযায়ী আউট বলেই মনে হয়েছে।
এদিকে আউট হওয়ার পর মাঠেই ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আঘা। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিয়ম অনুযায়ী আউটটি বৈধ হলেও ক্রিকেটীয় চেতনার দৃষ্টিকোণ থেকে তিনি এমনটা করতেন না।
সালমান বলেন, তার মতে খেলোয়াড়দের মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাব থাকা উচিত। তিনি মনে করেন, নিয়মের মধ্যে হলেও এমন পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেত।
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলে মোহাম্মদ রিজওয়ান শট খেললে বলটি মিরাজের পায়ে লেগে সালমান আলী আঘার কাছে চলে যায়। সালমান বলটি তুলে মিরাজকে দিতে গেলে মিরাজ দ্রুত বল তুলে আন্ডারআর্ম থ্রো করে স্টাম্প ভেঙে দেন।
সেই সময় সালমান ক্রিজের বাইরে থাকায় আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠান। পরে রিপ্লে দেখে তাকে আউট ঘোষণা করা হয়।
আউট হওয়ার পর সালমান আলী আঘা ক্ষোভ প্রকাশ করে মাঠে হেলমেট, গ্লাভস ও ব্যাট ছুড়ে মারেন। এ সময় মাঠে লিটন দাসের সঙ্গে তার কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। পরে ড্রেসিংরুমে ফেরার পথেও তিনি নিজের সরঞ্জাম মাটিতে আছড়ে মারেন।
আপনার মতামত লিখুন :