• ঢাকা
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

বার্সেলোনার অভিযোগে নিষিদ্ধ রেফারি, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ কোভাচ


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:০৯ পিএম
বার্সেলোনার অভিযোগে নিষিদ্ধ রেফারি, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ কোভাচ

বিতর্কিত সিদ্ধান্তের জেরে শাস্তির মুখে পড়লেন রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচ। উয়েফা জানিয়েছে, চলতি মৌসুমের বাকি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচগুলো পরিচালনার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ-এর মধ্যকার ম্যাচে। ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সম্ভাব্য হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টির দাবি তোলে বার্সেলোনা। তবে রেফারি কোভাচ সে আবেদন নাকচ করেন এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)-এর সহায়তাও নেননি।

৫৪তম মিনিটের ওই ঘটনাকে ঘিরেই তৈরি হয় তীব্র বিতর্ক। অভিযোগ অনুযায়ী, গোলকিক থেকে খেলা শুরু হওয়ার পর অ্যাতলেটিকোর খেলোয়াড় মার্ক পুবিল বল হাতে স্পর্শ করেন, যা হ্যান্ডবল হিসেবে গণ্য হতে পারত। এতে তার দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখার সম্ভাবনাও ছিল, পাশাপাশি বার্সেলোনা পেতে পারত পেনাল্টি। কিন্তু রেফারির সিদ্ধান্তে সেই সুযোগ হারায় কাতালান ক্লাবটি।

এই ঘটনার পর আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় বার্সেলোনা। যদিও উয়েফা এখনো সিদ্ধান্তটি ভুল ছিল কি না, সে বিষয়ে চূড়ান্ত মন্তব্য দেয়নি। তবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কোভাচকে বাকি ম্যাচগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ইউরোপিয়ান শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনা করে আসছেন কোভাচ। এমনকি গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও ২০২৪ ইউরোপা লিগ ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবুও সাম্প্রতিক এই বিতর্ক তার ক্যারিয়ারে নতুন প্রশ্ন তৈরি করেছে।

এখন দেখার বিষয়, এই নিষেধাজ্ঞাই শেষ শাস্তি কিনা, নাকি উয়েফা ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেয়।


Side banner
Link copied!