দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের ধারা আরও প্রায় পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ধীরে ধীরে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (২ মে) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা ও রাজশাহীর কিছু অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
রোববার পর্যন্ত একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। অন্যদিকে উত্তর ও মধ্যাঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
সোমবার ও মঙ্গলবারও দেশের বেশিরভাগ এলাকায় এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ওই সময় থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে, বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টি অনেকটাই হ্রাস পাবে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করবে এবং পরবর্তী সময়গুলোতে বৃষ্টিপাত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে।
আপনার মতামত লিখুন :