সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিতরণব্যবস্থার আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন বিতরণ সংস্থার অধীনে মোট ১ হাজার ৮৩৪টি বিদ্যুৎ উপকেন্দ্র চালু রয়েছে। ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় ২০৩১ সালের মধ্যে অতিরিক্ত ৬ হাজার ২৫৫ এমভিএ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংসদে উপস্থাপিত তথ্যে দেখা যায়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ১ হাজার ৩০৬টি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১৮৭টি, ডিপিডিসির ৯৯টি, ওজোপাডিকোর ৯৭টি, ডেসকোর ৬০টি এবং নেসকোর ৮৫টি উপকেন্দ্র রয়েছে।
মন্ত্রী জানান, বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে বর্তমানে দেশজুড়ে ১৩৯টি নতুন উপকেন্দ্র নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এর পাশাপাশি ১২৮টি নতুন উপকেন্দ্র নির্মাণ এবং ৭৬টি উপকেন্দ্র আধুনিকায়নের মাধ্যমে ২ হাজার ৫৪৩ এমভিএ ক্ষমতা বাড়ানো হচ্ছে।
এছাড়া আরও ২২৬টি নতুন উপকেন্দ্র স্থাপনের মাধ্যমে অতিরিক্ত ৩ হাজার ৭১২ এমভিএ সক্ষমতা যুক্ত হবে। সব মিলিয়ে ২০৩১ সালের মধ্যে মোট ৬ হাজার ২৫৫ এমভিএ বাড়তি সক্ষমতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, পল্লী অঞ্চলে বিদ্যুৎ সংযোগের মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাপবিবোর আওতায় একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং নতুন প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াও চলছে।
দেশের বিভিন্ন অঞ্চলেও নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ময়মনসিংহ ও কুমিল্লায় নতুন উদ্যোগ শুরু হয়েছে, পশ্চিমাঞ্চলে চলমান রয়েছে চারটি প্রকল্প এবং আরও চারটি পরিকল্পনায় রয়েছে। উত্তরাঞ্চলেও একাধিক প্রকল্প বাস্তবায়নের পথে।
সরকারের এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বিদ্যুৎ বিভ্রাট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং শিল্প ও আবাসিক খাতে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
আপনার মতামত লিখুন :