• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন নারায়ণগঞ্জ ডিসি অফিসের কর্মকর্তা আবুল হোসেন


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১১:০১ এএম
বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন নারায়ণগঞ্জ ডিসি অফিসের কর্মকর্তা আবুল হোসেন

সম্প্রতি কিছু পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল হোসেন সিকদার।
বুধবার (১ এপ্রিল) এক লিখিত বক্তব্যে তিনি বলেন, তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং মানহানিকর। দীর্ঘ প্রায় ২৭ বছরের চাকরি জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসলেও কখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা শোকজ নোটিশ জারি হয়নি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, অতীতে নাজির হিসেবে দায়িত্ব পালনকালে অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। তার দাবি, বর্তমানে তার নামে যে সম্পদ রয়েছে, তা বৈধ উপায়ে অর্জিত—চাকরিজীবনের আয়, সঞ্চয়, ব্যাংক ঋণ, পারিবারিক সম্পত্তি বিক্রি ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মাধ্যমেই এসব অর্জন হয়েছে।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এমনকি পূর্বেও একই ধরনের অভিযোগ তুলে ভুয়া ছবি সংযুক্ত করে কিছু সংবাদ প্রকাশ করা হয়েছিল, যার প্রতিবাদ তিনি সে সময় বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন।
তিনি আরও দাবি করেন, সম্প্রতি কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয়ে তার কাছে মোবাইল অ্যাপে অর্থ দাবি করে এবং অর্থ না দিলে পুনরায় সংবাদ প্রকাশের হুমকি দেয়। একই ভিডিও ও তথ্য ব্যবহার করে তাকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মো. আবুল হোসেন সিকদার বলেন, “এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ বলে আমার মনে হচ্ছে। তারা পরিকল্পিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।”
এ অবস্থায় যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সচেতন হওয়া প্রয়োজন।


Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!