• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:৪৪ পিএম
আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই মো. আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তা বিভূতি ভূষণ রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক ধারায় ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

এ মামলায় আরও কয়েকজনকে ১০ বছর, ৫ বছর ও ৩ বছর মেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আন্দোলন নতুন মোড় নেয়।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিল, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হলো।


Side banner
Link copied!