যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।
আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, ভোরে চালানো এক হামলায় তিনি নিহত হন। বিবৃতিতে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ কয়েক দশক ধরে মজিদ খাদেমি রাষ্ট্রের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অভিজ্ঞতা ও অবদান ভবিষ্যতেও গোয়েন্দা কাঠামোর জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও দাবি করা হয়, সাম্প্রতিক সময়ের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান চালাচ্ছে। এতে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার ফলে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, এসব হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
আপনার মতামত লিখুন :