• ঢাকা
  • শনিবার, ০৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি হামলা, নিহত অন্তত ১০


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মে ৯, ২০২৬, ১২:০৮ পিএম
দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি হামলা, নিহত অন্তত ১০

লেবানন-এর দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো ইসরাইলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই সীমান্তবর্তী এলাকাগুলোতে বিমান হামলা, গোলাবর্ষণ এবং ড্রোন অভিযান আরও জোরদার হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (৮ মে) সাইদা, নাবাতিয়েহ, টাইর এবং বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলায় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কিছু এলাকায় হামলার আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে সতর্কবার্তা দেওয়া হয়। তবে অনেক পরিবার এলাকা ছাড়ার আগেই শুরু হয় বিমান হামলা, ফলে হতাহতের সংখ্যা বাড়ে।

ইসরাইলি বাহিনীর দাবি, সীমান্তবর্তী বেসামরিক এলাকার ভেতরে অবস্থান নেওয়া হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করেই এ অভিযান চালানো হচ্ছে। উত্তর ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে তেলআবিব।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সীমান্তবর্তী বহু এলাকা এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে।


Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!