দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার নিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স-এর রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়-এ বাণিজ্যমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যবসাবান্ধব পরিবেশ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং সেবাকে আরও সহজ ও দ্রুত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজীকরণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়াকে আরও সময়োপযোগী করার কাজ চলছে।
বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বড় ভোক্তা বাজারের কারণে দেশটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
তিনি বাংলাদেশে ফরাসি বিনিয়োগ আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়নে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :