উত্তর আফ্রিকার দেশ লিবিয়া-এর বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ও দুর্ভোগের শিকার আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান।
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকেই অপহরণ, নির্যাতন ও অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানা গেছে।
বিমানবন্দরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনো শত শত বাংলাদেশি অবস্থান করছেন। পর্যায়ক্রমে আগামী কয়েক সপ্তাহে আরও কয়েক দফায় তাদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলবে। এর আগে গত এপ্রিল মাসেও লিবিয়া থেকে আরও একদল বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
আপনার মতামত লিখুন :