মালয়েশিয়ার সেলাঙ্গরের সেতিয়া আলম এলাকায় দুর্গম পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠা অবৈধ অভিবাসী পল্লীতে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২১৪ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৪ এপ্রিল) মধ্যরাতে পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশন বিভাগ, পুলিশসহ একাধিক সংস্থা অংশ নেয়। প্রায় ৪০০ মিটার উঁচু পাহাড় অতিক্রম করে এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ মোকাবিলা করে কর্মকর্তারা ওই এলাকায় পৌঁছান।
অভিযানে তিনটি অবৈধ বসতি চিহ্নিত করা হয়, যেখানে দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকরা বসবাস করছিলেন। বিস্ময়করভাবে দুর্গম এলাকায় হলেও এসব পল্লীতে বিদ্যুৎ, পানি, দোকান ও উপাসনাকেন্দ্রসহ নানা সুবিধা গড়ে উঠেছিল।
কর্তৃপক্ষ জানায়, মোট ৩৫৬ জনকে যাচাই করে তাদের মধ্যে ২১৪ জনকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে এবং তাদের বয়স এক মাস থেকে ৮০ বছর পর্যন্ত।
প্রাথমিক তথ্যে জানা গেছে, আটকরা বাংলাদেশসহ ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক। তারা মূলত দিনমজুর ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।
অভিযান সংশ্লিষ্টরা আরও জানান, ওই পল্লীতে অবৈধ কার্যক্রম চলত এবং পালানোর জন্য গোপন পথও তৈরি করা হয়েছিল। সেখানে বসবাসকারীদের কাছ থেকে নিয়মিত ভাড়া আদায়ের ব্যবস্থাও ছিল।
অভিযান শেষে আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :