• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স পুনঃযাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:১৫ পিএম
আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স পুনঃযাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো নতুন করে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো এখন পুনরায় যাচাই করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা নেওয়া লাইসেন্সকৃত অস্ত্র এখনো অনেক ক্ষেত্রে ফেরত দেওয়া হয়নি। দ্রুত সেগুলো মালিকদের কাছে হস্তান্তরের পাশাপাশি যেসব অস্ত্র সরকারি নির্দেশনা সত্ত্বেও জমা পড়েনি, সেগুলো উদ্ধারে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে অস্ত্র জমা না দেওয়া লাইসেন্সধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোও পর্যায়ক্রমে যাচাই করা হবে। জেলা প্রশাসকদের এক মাসের মধ্যে এসব মামলার তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে আইনগত গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক ও মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর বিষয়েও প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


Side banner
Link copied!