কোরবানির পশুর হাট ও পশু পরিবহন ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের সময় সড়কে যেন কোনো ধরনের হয়রানি বা অবৈধ টাকা আদায়ের ঘটনা না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে পশুর হাট কেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া কোথাও হাট বসাতে দেওয়া হবে না। পাশাপাশি হাটের নির্ধারিত সীমানার বাইরে পশু রাখার সুযোগও থাকবে না।
হাটের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
আপনার মতামত লিখুন :