পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে দাপুটে পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে দীর্ঘ ৯ বছর পর আবারও চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় বাবর আজমের দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৮ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইম আইয়ুব। অন্যদিকে বল হাতে জালমির পক্ষে দুর্দান্ত ছিলেন অ্যারন হার্ডি (৪ উইকেট) ও বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা, যিনি ২২ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পেশোয়ার। প্রথম ওভারেই দুই ওপেনারকে হারায় তারা। তবে এরপর অ্যারন হার্ডি ও আবদুল সামাদের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হার্ডি ঝড়ো ফিফটি তুলে দলকে জয়ের পথে এগিয়ে নেন, আর সামাদ খেলেন কার্যকর ৪৮ রানের ইনিংস।
শেষদিকে ফারহান ইউসুফের বাউন্ডারিতে জয় নিশ্চিত করে পেশোয়ার জালমি। ৫ উইকেট হাতে রেখে এবং ২৮ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।
এই জয়ের মধ্য দিয়ে বাবর আজমের নেতৃত্বে প্রথমবারের মতো পিএসএল শিরোপা জিতে ইতিহাস গড়লো পেশোয়ার জালমি। দীর্ঘ অপেক্ষার পর আবারও ট্রফি ঘরে তুলতে পেরে উচ্ছ্বসিত দলটি।
আপনার মতামত লিখুন :