• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:৩৬ পিএম
শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে

২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে অভিযান ও হতাহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত সংস্থার প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে পৌঁছেছে এবং তা পর্যালোচনার কাজ চলছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময় অনুযায়ী ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ছাড়াও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবীর এবং তৎকালীন পুলিশ, র‌্যাব ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে মামলার অগ্রগতি জানতে রোববার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায়। সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে প্রতিনিধিদলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সমাবেশটি ছত্রভঙ্গ করা হয়। ওই অভিযানে বহু মানুষের মৃত্যুর অভিযোগের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।

প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের পর মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাবে। অভিযোগগুলোর বিষয়ে ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।


Side banner

আইন আদালত বিভাগের আরো খবর

Link copied!