• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত, শুনানি ১৬ জুন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:৩৯ পিএম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত, শুনানি ১৬ জুন

সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপাতত স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে দায়ের করা আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুন দিন নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানিয়েছেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় কার্যকর হবে না।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা এবং সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছিলেন।

গত ২১ মে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। পরে বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় আসে।

হাইকোর্টের রায়ে অধস্তন আদালতের বিচারিক দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, পদোন্নতি, বদলি ও শৃঙ্খলামূলক ব্যবস্থার বিষয়ে বিদ্যমান কিছু সাংবিধানিক ও বিধিগত কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল। একই সঙ্গে অধস্তন আদালতের জন্য প্রণীত একটি শৃঙ্খলাবিধিও বাতিল ঘোষণা করা হয়।

আইন বিশেষজ্ঞদের মতে, মামলাটির চূড়ান্ত রায় বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক কাঠামো এবং বিচারিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।

এখন বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য আগামী ১৬ জুন আপিল বিভাগের শুনানির দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।


Side banner

আইন আদালত বিভাগের আরো খবর

Link copied!