• ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০১:২৮ পিএম
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমকে দেশের রাজনীতির একজন অভিজ্ঞ, সৎ ও দায়িত্বশীল নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে জমির উদ্দিন সরকার রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী স্মরণ করেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার ছাড়াও তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, সংসদীয় চর্চার বিকাশ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক জীবনের নানা প্রতিকূল পরিস্থিতিতেও জমির উদ্দিন সরকার তার আদর্শ ও নীতির প্রতি অটল ছিলেন। গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রতি তার অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

শোকবার্তার শেষে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!