বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন, অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রাউন্ড অব ১৬-এর ম্যাচ শেষ হওয়ার পর উপজেলার চাচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ব্রাজিল সমর্থক মামুন হোসেন (২২) এবং আর্জেন্টিনা সমর্থক সামাউল ইসলাম (২৩)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, খেলা শেষ হওয়ার পর দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হলেও দুজন চিকিৎসার জন্য হাসপাতালে যান।
চিকিৎসা শেষে সামাউল ইসলাম বাড়িতে ফিরে গেলেও মামুন হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :