দেশে আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রার্থী মানুষের জন্য সরকারি ব্যবস্থাপনায় দেওয়া আইনি সহায়তা ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জনের কাছে পৌঁছেছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন মাধ্যমে এসব সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ২২২ জন এবং দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিস থেকে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন আইনি সহায়তা পেয়েছেন।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল থেকে ৩০ হাজার ৫১৪ জন এবং সরকারি আইনগত সহায়তার জাতীয় হেল্পলাইন ১৬৬৯৯-এর মাধ্যমে ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন সেবা পেয়েছেন।
অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আইনি পরামর্শ পেয়েছেন আরও ৩৮০ জন।
আইনি সহায়তার পাশাপাশি সাধারণ মানুষকে আইন ও অধিকার সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে লিগ্যাল এইড। এসব সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে উপকারভোগীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে বিভিন্ন সেবা ও কার্যক্রমের আওতায় ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন সুবিধাভোগী হয়েছেন।
আর্থিক সামর্থ্য না থাকায় যারা আইনজীবী নিয়োগ বা আইনি প্রক্রিয়া পরিচালনা করতে সমস্যায় পড়েন, তাদের সহায়তার জন্য আইনগত সহায়তা প্রদান আইনের আওতায় এসব সেবা দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
আপনার মতামত লিখুন :