বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি ‘নট প্রেস’ হিসেবে খারিজ করে দেন।
‘নট প্রেস’ অর্থ হলো, আবেদনটি আদালতে উত্থাপিত হয়নি বা আবেদনকারী তা আর উপস্থাপন করেননি। ফলে এ আদেশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে বাতিল করার কোনো নির্দেশ দেওয়া হয়নি।
গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী।
আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতেরও আবেদন করা হয়।
২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যমে প্রচারণা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, সভা-সমাবেশ, মিছিল ও সম্মেলনসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়।
পরবর্তী সময়ে সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধন পাসের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার আইনি কাঠামোও বহাল রাখা হয়েছে।
হাইকোর্টের রিট খারিজের ফলে ২০২৫ সালের প্রজ্ঞাপনে আরোপিত নিষেধাজ্ঞা বাতিল হয়নি। অর্থাৎ আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রমের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আপাতত বহাল রয়েছে।
আপনার মতামত লিখুন :