• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দেশের ১১ শতাংশ মানুষ এখনো আর্সেনিক দূষণের ঝুঁকিতে: মির্জা ফখরুল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০১:০৪ পিএম
দেশের ১১ শতাংশ মানুষ এখনো আর্সেনিক দূষণের ঝুঁকিতে: মির্জা ফখরুল

দেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ এখনো আর্সেনিক দূষণের ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিরাপদ পানির আওতা বাড়াতে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপনে কাজ করছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত মালটিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১৯-এর তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বিভিন্ন নিরাপদ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে।

মন্ত্রী জানান, এসব প্রকল্পের আওতায় ২০২৬ সাল পর্যন্ত প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গভীর নলকূপ, পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, পুকুর খনন ও পুনঃখনন এবং সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপন।

তিনি আশা প্রকাশ করেন, চলমান কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে আর্সেনিক ঝুঁকিতে থাকা মানুষের হার ১১ শতাংশ থেকে কমে প্রায় ৫ থেকে ৬ শতাংশে নেমে আসবে।

সরকারি তথ্য অনুযায়ী, ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৬ লাখ ১৫ হাজার ৪৯৭টি নিরাপদ পানির উৎস স্থাপন করা হয়েছে।

এছাড়া উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণভিত্তিক নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১ লাখ ৯৯ হাজার ৪৮৫টি, পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে ১ লাখ ৭৪ হাজার ৬৭৬টি, পল্লী অঞ্চলের পানি সরবরাহ প্রকল্পে ৮৮ হাজার ২৩৫টি এবং অগ্রাধিকারভিত্তিক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১ লাখ ৩৮ হাজার ৫৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।

তিনি বলেন, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় আরও প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।


Side banner
Link copied!