• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০১:৩৪ পিএম
এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে রাজধানীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষা চলাকালে প্রতিদিন সংশ্লিষ্ট কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার থাকবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ এবং পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের কেন্দ্রের ২০০ গজের মধ্যে অবস্থান না করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।


Side banner
Link copied!