• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, বিচারক নিহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০৩:২৬ পিএম
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, বিচারক নিহত

জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম সামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. ইদ্রিস আলী (৪৬) আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহিড়ীকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এ কে এম সামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার সাবেক সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকার লালমাটিয়ার বাসা থেকে প্রাইভেটকারে জামালপুরের উদ্দেশে রওনা হন সামিউল হক। ভোরে গাড়িটি লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার সময় ট্রাকে থাকা রডের একটি অংশ প্রাইভেটকারের ভেতরে ঢুকে সামিউল হকের শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, চালক ইদ্রিস আলীও দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি প্রথমে চালকের নজরে পড়েনি। পরে ট্রাকটি দেখতে পেলেও ততক্ষণে গাড়িটি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি। ফলে প্রাইভেটকারটি ট্রাকের পেছনে গিয়ে আঘাত করে।

নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Side banner
Link copied!