গাজীপুরের শ্রীপুরে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার একটি বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে ডোবায় মানবদেহের অংশ দেখতে পান। পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন।
বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়িটি স্থানীয় গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া রয়েছে। বাড়ির রান্না ও অন্যান্য ব্যবহারের পানি নিষ্কাশনের জন্য প্রায় আট থেকে দশ বছর আগে পাশেই একটি ছোট ডোবা তৈরি করা হয়েছিল। সময়ের সঙ্গে সেখানে কচুরিপানা জন্মে এবং বিভিন্ন ধরনের মাছও দেখা যায়।
শনিবার দুপুরে বাড়ির ভাড়াটিয়ারা তীব্র দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করতে গিয়ে ডোবায় খণ্ডিত মানবদেহ দেখতে পান। পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের অংশ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।
শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :