বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চলন্ত একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার উদ্দেশ্যে যাত্রা করা একটি হাইস মাইক্রোবাস সোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের মাঝখানের আইল্যান্ডে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :