সিঙ্গাপুর থেকে আমদানি করা ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটি চট্টগ্রাম বন্দরে আগত ডিজেলবাহী নবম জাহাজ। একই দিনে একটি এলএনজি ও একটি এলপিজিবাহী জাহাজও দেশের জলসীমায় পৌঁছেছে, যেগুলোর খালাস কার্যক্রম কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় চলমান রয়েছে।
বন্দর সূত্র জানায়, রাতের মধ্যে মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা তেল-গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানি জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিকভাবে জ্বালানি আমদানি অব্যাহত থাকলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :