সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান একটি মামলার (যার মামলা নং: ২৭৫/২০২৫) ১ নম্বর সাক্ষী মো. নাজমুলকে (২৫) নৃশংসভাবে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম গুপিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো একই গ্রামের মৃত ছাত্তার ফকিরের ছেলে মো. সাইদুল ইসলাম, তার স্ত্রী মোছা. রেখা খাতুন এবং তাদের ছেলে মো. সবুজ। ভুক্তভোগী নাজমুল সম্পর্কে অভিযুক্তদের আপন ভাতিজা।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৭৫/২০২৫ নং মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন। নাজমুল ওই মামলার ১ নম্বর সাক্ষী হওয়ায় বিবাদী পক্ষ তাকে দীর্ঘ দিন ধরে সাক্ষ্য না দেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুরে নাজমুল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে তার চাচা সাইদুল, চাচী রেখা এবং চাচাতো ভাই সবুজ পথরোধ করে। এ সময় সাইদুল ও রেখা তাকে জাপটে ধরলে সবুজ হাতে থাকা কোদাল দিয়ে নাজমুলের মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর ক্ষতের কারণে তাকে ৯টি সেলাই দিতে হয়েছে এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, "আমরা ঘটনাটির খবর পেয়েছি। এটি অত্যন্ত জঘন্য একটি কাজ। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতির বিষয়টি আমরা অবগত আছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামিদের গ্রেফতার করা হবে।"
সচেতন মহল মনে করছেন, আদালতের সাক্ষীকে প্রকাশ্য দিবালোকে এভাবে হামলা করা বিচারিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত হামলাকারী চাচা, চাচী ও চাচাতো ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উক্ত ঘটনায় বিজ্ঞ সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালত , সিরাজগঞ্জ এ মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং ১৯৩/২০২৬(সিরাজঃ)
উল্লেখ্য বাবার ওয়ারিশসুত্রে পাওয়া ১০০ শতক জমি বিক্রির ৪ লাখ ২০ হাজার টাকা ট্রাংক ভেঙে চুরি করে নিয়ে যাবার সময় সেই টাকা চাওয়ায় গর্ভধারিনী মা ছালেহা বেগম(৭৫)কে মারপিটে রক্তাক্ত জখম করে বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেয় মাদকাসক্ত লম্পট ও ধুর্তবাজ ছোট ছেলে মো. সাইদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী রেখা খাতুন। গত (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার ঘটনাটি ঘটেছিল সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নের পশ্চিম গুপিরপাড়া গ্রামে। এই ঘটনায় মামলা চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :