• ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মৌলভীবাজারে বাথরুম থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১১:৫১ পিএম
মৌলভীবাজারে বাথরুম থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

মৌলভীবাজার সদর উপজেলার একটি বসতবাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুল আজীজ (৩০)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা এবং সামছুল হকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণগ্রামে একটি শুঁটকি আড়তে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সোমবার রাতে আব্দুল আজীজকে স্থানীয় বাসিন্দা সুলেমান মিয়া নিজের ঘরে নিয়ে যান। পরে দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একাধিকবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাথরুমে একটি বস্তার ভেতর আব্দুল আজীজের মরদেহ দেখতে পান। অভিযোগ রয়েছে, এ সময় সুলেমান মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে সুলেমান মিয়াকে আটক করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!