গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ মোট সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কারা অধিদপ্তর। ঘটনার তদন্তে প্রাথমিকভাবে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে আসায় সংশ্লিষ্ট সাতজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।
বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে কয়েকজন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় তদারকিতে থাকা কর্মকর্তাদের অসতর্কতার সুযোগ নিয়ে ২১ বছর বয়সী বন্দি রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর অতিক্রম করে পালিয়ে যান বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পলাতক রিম্পার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকায়। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের কারাদণ্ড ভোগ করছিলেন এবং কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আটক ছিলেন।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া হয় যে তিনি কারাগারের সীমানা অতিক্রম করে পালিয়ে গেছেন। এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।
কারা প্রশাসন জানিয়েছে, কীভাবে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এমন ঘটনা ঘটল এবং এর সঙ্গে আর কারও গাফিলতি বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :