• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১০:৫৮ এএম
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম

স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির সময় বাড়ির একটি লোহার মই কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই মই দিয়ে ওঠার সময় প্রথমে আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির কারণে লোহার মইয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার করতে গিয়ে একে একে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


Side banner
Link copied!