দেশে বিদ্যুৎ ও সারের সংকট তীব্র হয়েছে এবং এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশ ও দেশের মানুষ ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।”
তার বক্তব্য অনুযায়ী, সংসদের পাশাপাশি রাজপথেও জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরার চেষ্টা করছে জামায়াতে ইসলামী।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকপোটল গ্রামে পৌঁছে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াত আমির। সেখানে সূরা ফাতিহা পাঠ এবং তার শাহাদাত কবুলের জন্য দোয়া করেন তিনি।
পরে শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি মাদ্রাসায় মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমিরের আগমন উপলক্ষে মাদ্রাসা মাঠে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। তিনি গ্রামে পৌঁছালে উপস্থিত লোকজন তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন তিনি।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :