• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

শরীয়তপুরে সংসদ সদস্যের ওপর জেলেদের হামলা, গ্রেপ্তার ৩৬


FavIcon
নুরুজ্জামান শেখ:
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৮:২৫ পিএম
শরীয়তপুরে সংসদ সদস্যের ওপর জেলেদের হামলা, গ্রেপ্তার ৩৬

শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানকে কেন্দ্র করে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর জেলেরা হামলা ও ইটপাটকেল নিক্ষেপে করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩৬ জেলেকে আটক করেছে। এ সময় প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

সোমবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রায় ১শ’ জন জেলে ইটপাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও অভিযানে থাকা কর্মকর্তাদের ধাওয়া দেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে থাকা সদস্যরা পালেরচর এলাকার নদীর পাড়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ৩৬ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, হামলাকারী জেলেদের একটি অংশ উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী এসে সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, “আমরা এখনো পদ্মা নদীতে অবস্থান করছি। ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যারা এ ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করছি।”

 

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, “পালেরচর এলাকার পদ্মা নদীতে আমরা অভিযানে যাওয়ার পর জেলেরা গ্রেপ্তারের ভয়ে ইট পাটকেল ছুড়েছে। পরে অভিযান জোরদার হলে তারা পালিয়ে যায়। আমরা ৩৬ জন জেলেকে আটক করেছি।”

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, “আসলে আমার ওপর হামলা এই ভাবে বিষয়টি দেখছি না। তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অভিযান প্রতিহত করার জন্যই তাদের এ ক্ষোভ।”


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!