গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী ছাত্রধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে টুঙ্গিপাড়া মোড়ে লগি-বৈঠা নিয়ে জড়ো হন সংগঠনটির নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। এরপর লগি-বৈঠা নিয়ে এলাকায় একটি মিছিল বের করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে আরও নেতা-কর্মী লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। অন্যদিকে কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :