রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় তাঁর কোনো শারীরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্বৃত্তরা কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
ঘটনাটির সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ এ নিয়ে কাজ করছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।
আপনার মতামত লিখুন :