• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:১৫ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

সম্প্রতি কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের জন্য বিস্তারিত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও মানসম্মত করার লক্ষ্যে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

প্রকাশিত সিলেবাস অনুযায়ী, নিয়োগ পরীক্ষা মোট ৮০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ১০ নম্বর করে মোট ৩০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া মানসিক দক্ষতা ও সাধারণ জ্ঞানের জন্য ১০ নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ নম্বর, আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, তিনটি অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে মোট শূন্য পদের সংখ্যা ১৩ হাজার ৫৯৯।

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে শূন্য পদ রয়েছে ১৪০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় রয়েছে ৩ হাজার ১৩১টি শূন্য পদ।


Side banner
Link copied!