ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবিতে পোশাকশিল্প কারখানার শ্রমিকরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
শ্রমিকরা জানান, শেফার্ড গ্রুপ জিন্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার কর্মীরা ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বার্ষিক ছুটির টাকা এখনো পাননি। কর্তৃপক্ষ ১০ মার্চ এসব অর্থ পরিশোধের কথা বললেও তা বাস্তবায়ন হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন।
কারখানার সেলাই বিভাগের কর্মী লিপি আক্তার বলেন, ঈদ সামনে হওয়ায় কেনাকাটার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু এখনো বেতন ও বোনাস দেওয়া হয়নি। কখন দেওয়া হবে সে বিষয়েও কর্তৃপক্ষ পরিষ্কার করে কিছু জানাচ্ছে না।
অন্যদিকে কাটিং বিভাগের কর্মী শান্ত বলেন, তারা প্রায় তিন বছর ধরে ওই কারখানায় কাজ করছেন। কিছুদিন ধরে বিভিন্ন সমস্যা চললেও শ্রমিকরা ধৈর্য ধরেছেন। কিন্তু ঈদের আগে বেতন ও বোনাস না পেলে পরিবার নিয়ে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়বে।
মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, ভালুকা থানা পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।
শিল্প পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এদিকে শেফার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান জানিয়েছেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :