চাঁদপুর–২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ জালাল উদ্দিন বলেছেন, সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন মতলব গড়ে তোলা সম্ভব। এজন্য পরিবার, সমাজ এবং প্রশাসনের সবাইকে একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।
সভায় ড. জালাল উদ্দিন বলেন, মাদক প্রতিরোধের প্রথম দায়িত্ব পরিবার থেকেই শুরু করতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব এবং দৈনন্দিন কর্মকাণ্ড সম্পর্কে বাবা-মাকে সচেতন থাকতে হবে। পরিবার থেকেই সচেতনতা তৈরি করা গেলে সমাজে মাদকের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভূমি দখলের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এসব অপরাধে জড়িতদের জন্য মতলবের মাটিতে কোনো স্থান নেই। তিনি সতর্ক করে বলেন, কেউ যত বড় প্রভাবশালীই হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে এবং তার জায়গা হবে কারাগারে।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারেন এবং তাদের ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে পরিচালনা করতে পারেন—সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।
উন্নয়ন প্রসঙ্গে এমপি ড. জালাল উদ্দিন বলেন, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান –এর নেতৃত্বে দেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ চলছে।
সভায় আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান সরকার, মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আইনুন নাহার কাদরী, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে আগামী বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়। এতে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :