পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের অসাধু ও অশোভন পন্থা পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রমজানে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয় যাতে সাধারণ মানুষ কষ্টে পড়ে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির ব্যয় কমানোর লক্ষ্যে বড় পরিসরে এটিই শেষ ইফতার আয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, রমজান মাসে কেউ যেন অসাধু উপায়ে ব্যবসা না করে এবং সাধারণ মানুষের কষ্টের কারণ না হয়—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় দারিদ্র্য দূরীকরণে যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সরকারের উদ্যোগ হিসেবে পর্যায়ক্রমে প্রতি বছর প্রায় পাঁচ লাখ পরিবারকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত যাকাত দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া যাকাত বোর্ডকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠনের চিন্তাভাবনাও চলছে।
ইফতার অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব ছালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :