নাটোরের সিংড়া উপজেলায় পানির ট্যাংকের ভেতর অবৈধভাবে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) বিকেলে সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল হোসেন (৩৪) পানির ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদ করে রাখার প্রমাণ পাওয়া গেলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও বলেন, বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এবং এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি তেলের বাজারে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :