• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

চিকিৎসাসেবা সহজ করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৪৬ পিএম
চিকিৎসাসেবা সহজ করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তারেক রহমান দেশের মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন সরদার মো. সাখাওয়াত হোসেনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ।বৈঠকের পর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড কার্যক্রম দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। এ উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব পাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।জানা গেছে, শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এরই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবনকে ক্লিনিক বা চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় আসে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হয়। এ পরিস্থিতি মোকাবিলায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের তাগিদ দেওয়া হয়েছে।এ ছাড়া নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়। দুর্গম অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


Side banner
Link copied!