চলতি ২০২৫–২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কর ব্যবস্থাকে সহজ ও আধুনিক করতে অনলাইন রিটার্ন দাখিলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ আদেশের মাধ্যমে অধিকাংশ ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
তবে কিছু ক্ষেত্রে এই বাধ্যবাধকতা শিথিল রাখা হয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
এনবিআর জানায়, গত বছরের ৪ আগস্ট থেকে শুরু হওয়া ই-রিটার্ন কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা অনলাইন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪০ লাখের বেশি করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন জমা দিয়েছেন।
সংস্থাটি আশা করছে, অনলাইন ব্যবস্থার সম্প্রসারণের ফলে করদাতাদের জন্য রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ হবে এবং কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।
আপনার মতামত লিখুন :