• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় ইফতার বাতিল, সীমিত আয়োজনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:৫৭ পিএম
জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় ইফতার বাতিল, সীমিত আয়োজনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে সীমিত পরিসরে দুটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ দুটি ইফতার মাহফিল আয়োজন করা হবে। এর মধ্যে ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হবে।

এর আগে ৮ মার্চ রাজনীতিবিদদের এবং ১০ মার্চ সাংবাদিকদের সম্মানে রাষ্ট্রীয় ইফতার আয়োজনের সময়সূচি নির্ধারিত ছিল। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় ওই দুটি ইফতার অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব আরও জানান, প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করা হয়। কিন্তু এ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় ইফতার করছেন এবং বড় পরিসরের রাষ্ট্রীয় আয়োজন থেকে বিরত থাকছেন।


Side banner
Link copied!