• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

হবিগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা: হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:৩০ পিএম
হবিগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা: হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

হবিগঞ্জ শহরে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পর ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে দাবি করেছেন ধর্ষিতার মা।

শনিবার (৭ মার্চ) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর মা নিভা রাণি দেব। তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের দায়িত্ব তার ওপরই। জীবিকা নির্বাহের জন্য তিনি একটি বেসরকারি স্কুলে পিয়নের চাকরি করেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত বছরের ১৩ নভেম্বর তিনি কর্মস্থলে থাকাকালে তাদের প্রতিবেশী রনদীর গোপ (৪৫) তার বাকপ্রতিবন্ধী মেয়েকে বাসার তৃতীয় তলায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

বিকেলে বাসায় ফিরে মেয়ের আচরণে সন্দেহ হলে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে ঘটনাটি বোঝানোর চেষ্টা করে ভুক্তভোগী। পরে বিষয়টি বুঝতে পেরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয় এবং ওসিসি সেন্টারে পরীক্ষা করা হয়।

ঘটনার পর তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয় এবং হবিগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ রয়েছে, প্রথমদিকে পুলিশ আসামিকে গ্রেপ্তারে গড়িমসি করলেও গণমাধ্যমে খবর প্রকাশের পর তাকে গ্রেপ্তার করা হয়।

তবে সম্প্রতি জামিনে মুক্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন এবং না করলে উল্টো পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন নিভা রাণি দেব।

এ অবস্থায় তিনি ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন উল্লেখ করে মেয়ের ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!