• ঢাকা
  • শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

মতলবে মাঝ পথে থমকে আছে খর্গপুর মেহরন সড়কের কাজ ভোগান্তিতে সর্বসাধারণ


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:২৩ পিএম
মতলবে মাঝ পথে থমকে আছে খর্গপুর মেহরন সড়কের কাজ ভোগান্তিতে সর্বসাধারণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর-মেহরন সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ শুরু হলেও মাঝপথে থেমে থাকায় স্থানীয়দের ক্ষোভ বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, খর্গপুর থেকে মেহরন পর্যন্ত সড়কটির কাজ কয়েক বছর আগে শুরু হলেও এখনো তা সম্পূর্ণ হয়নি। ফলে মেহরন, চারটভাঙ্গা, কালিকাপুরসহ আশপাশের এলাকার প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে অনেক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যে কয়েকটি যানবাহন চলাচল করছে, সেগুলোও ঝুঁকি নিয়ে চলাচল করায় যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং ঐতিহ্যবাহী উৎসবস্থলে যাতায়াত করা হয়। তাই দ্রুত সড়কটি নির্মাণ শেষ করা এখন সময়ের দাবি।

স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা জানান, রাজনৈতিক পরিবর্তন এবং প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাজ বারবার বন্ধ হয়ে গেছে। তারা দ্রুত নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী মেহেদী হাসান জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ঠিকাদারি প্রতিষ্ঠান খুব শিগগিরই আবার কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।


Side banner
Link copied!