জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও উসকানির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার (১১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এ শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে শুনানি করে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ উপস্থাপন করেন এবং আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদন জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও আশপাশের এলাকায় সংঘটিত ঘটনায় ২৩ জনকে হত্যাসহ আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
এদিকে একই ট্রাইব্যুনালে রামপুরা এলাকায় ২৮ জনকে হত্যা মামলায় সাবেক সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মুন এবং দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, ইন্টারনেট সংযোগ বন্ধ করে হত্যাকাণ্ড চালানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ।
এছাড়া একই ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের আরেক মামলায় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :