• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজে জ্বালানি খালাস, আসছে আরও ৪


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:৩৩ পিএম
চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজে জ্বালানি খালাস, আসছে আরও ৪

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে ছয়টি জাহাজ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি খালাসের কাজ চলছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার (১১ মার্চ) এক ব্রিফিংয়ে বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ জানান, এখন পর্যন্ত বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ১৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে আটটি জাহাজ ইতোমধ্যে জ্বালানি খালাস শেষ করে বন্দর ত্যাগ করেছে। বর্তমানে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ চলমান রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে। তাই দেশে জ্বালানি ঘাটতির আশঙ্কা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে হরমুজ প্রণালি হয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলেও এখন কোনো ধরনের বাধা নেই। পাইপলাইনে থাকা জাহাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে বন্দরে পৌঁছালে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে।

কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ আরও বলেন, সরকারের সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। জ্বালানিবাহী জাহাজ দ্রুত খালাসের জন্য চট্টগ্রাম বন্দরে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে।

তিনি জানান, কনটেইনার ডিপো ও লাইটারেজ জাহাজে ডিজেল সংকট এবং চাহিদা সংক্রান্ত তথ্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং পাইপলাইনে থাকা জাহাজগুলো দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অতিরিক্ত চারটি জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। এসব জাহাজে এলএনজি, এলপিজি, বিভিন্ন ধরনের জ্বালানি তেল এবং শিল্পকারখানার কাঁচামাল রয়েছে।


Side banner
Link copied!