সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’ দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। বিশেষ করে বাবা-মেয়ের আবেগঘন সম্পর্কের গল্পে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। তাঁর ভাষ্য, সিনেমাটির গল্পের সঙ্গে নিজের বাস্তব জীবনেরও অনেক মিল রয়েছে।
রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে মিম বলেন, ‘লাইফলাইন’ তাঁর কাছে শুধুই একটি অভিনয় নয়, বরং ব্যক্তিগত অনুভূতিরও প্রতিফলন।
তিনি বলেন, “এই গল্পটি আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়। আমার বাবা-মায়েরও বয়স বাড়ছে, মাঝেমধ্যে তারা অসুস্থ হয়ে পড়েন। এমন অভিজ্ঞতা প্রায় প্রতিটি পরিবারেরই থাকে। তাই অনন্যা চরিত্রটি ফুটিয়ে তুলতে আমাকে আলাদা করে খুব বেশি প্রস্তুতি নিতে হয়নি। চরিত্রটির অনুভূতি আমি সহজেই উপলব্ধি করতে পেরেছি।”
মিম আরও জানান, মুক্তির পর দর্শকদের কাছ থেকে সিনেমাটি নিয়ে প্রশংসাসূচক প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি। তাঁর বিশ্বাস, আবেগঘন গল্প ও বাস্তবধর্মী উপস্থাপনার কারণে ‘লাইফলাইন’ দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
চলচ্চিত্রটির নির্মাতা কাজী আসাদ, যিনি এর আগে একটি জনপ্রিয় ওয়েব সিরিজ নির্মাণ করেছিলেন। নতুন এই ছবির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আসাদুজ্জামান আবীর এবং কাজী আসাদ।
নির্মাতার ভাষায়, চলচ্চিত্রটি ভালোবাসা, দায়িত্ববোধ এবং পারিবারিক সম্পর্কের গভীরতা নিয়ে নির্মিত। তিনি বলেন, “ভালোবাসার টানে একজন মানুষ কত দূর যেতে পারে, কত ত্যাগ স্বীকার করতে পারে—সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে ‘লাইফলাইন’-এ। শহুরে এক তরুণীর দুর্গম যাত্রার মধ্য দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ কিছু অনুভূতি তুলে ধরা হয়েছে।”
চলচ্চিত্রটির কেন্দ্রীয় গল্প আবর্তিত হয়েছে বাবা ও মেয়ের সম্পর্ককে ঘিরে। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ, আর মেয়ের চরিত্রে রয়েছেন বিদ্যা সিনহা সাহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত এবং ফাতেমাতুজ জোহরা ইভা।
উল্লেখ্য, গত ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পায় ‘লাইফলাইন’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে এবং অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন বিদ্যা সিনহা সাহা মিম।
আপনার মতামত লিখুন :